Apan Desh | আপন দেশ

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৫, ১৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মো. সিয়াম বেপারী। ছবি : আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী মামলার এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সিয়াম বেপারী (২২)।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ছাবুল্লা মাতুব্বরের ডাঙ্গী (নয়াডাঙ্গী) এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি ও সদরপুর থানা এবং ঢাকার উত্তরা পশ্চিম থানায় আরও তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার সিয়াম বেপারী চরভদ্রাসন উপজেলার আমান বেপারী ও ছকিনা বেগমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চরভদ্রাসন উপজেলা শাখার সক্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হক বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় নিজ বাড়ি থেকে সিয়াম বেপারীকে গ্রেফতার করা হয়। তিনি চরভদ্রাসন থানায় ২০২৫ সালের ১৪ আগস্ট দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারার একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।

আরও পড়ুন <<>> দুর্গোৎসবে শুভেচ্ছা জানাতে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সিয়াম বেপারীর বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ২০২৪ সালের ৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা রয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানায় ২০২৫ সালের ২৪ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় ২০২৫ সালের ১৮ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এছাড়া ফরিদপুরের সদরপুর থানায় ২০২৪ সালের ১৭ মার্চ দায়ের করা দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ১৮৬, ৩০৭ ও ৩৪ ধারার একটি মামলাতেও তার নাম রয়েছে। ওই মামলায় ২০২৪ সালের ৯ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয় বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

গ্রেফতারের পর সিয়াম বেপারীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়