ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
আটক জেলেদেরকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এর আগে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩৪ জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন<<>>১ লাখ ৩৫ হাজারে বিক্রি হলো ৯০ কেজির বাঘাইড়
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। নদীতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ ১ লাখ ২০ হাজার মিটার জাল জন সম্মুখে আগুনে পুড়ে ফেলা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































