ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মামার ছুরিকাঘাতে সাব্বির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে টিটিসি এলাকার পবা রাইসমিল পাড়ায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির অভিযুক্ত মো. আমিরুল ইসলামের দূর সম্পর্কের ভাগ্নে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলামের সঙ্গে সাব্বিরের একটি বিষয় নিয়ে কথাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে আমিরুল ফল কাটার চাকু দিয়ে সাব্বিরের বুকে ছুরিকাঘাত করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন সাব্বির। পরে স্বজনরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন <<>> ৫৮২ গ্রাম সোনার বারসহ একজন আটক
ঘটনার বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালে নেয়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। এর আগেই অভিযুক্ত আমিরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































