ছবি : আপন দেশ
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন হালিমা মঞ্জিল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন<<>>আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪
হালিশহর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ওই তলার দুটি ফ্ল্যাটের দেয়াল ও জানালার কাচ ভেঙে গেছে।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম জানান, আহত সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের শরীরের ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন মো. মকবুল হোসেন নামের এক ব্যক্তি। দগ্ধ ব্যক্তিদের স্বজন পরিচয়ে তিনি বলেন, ওই বাসায় মূলত দুই ভাইয়ের পরিবার থাকে। তবে সম্প্রতি বিদেশ থেকে তাদের আরেক ভাই দেশে এসে চিকিৎসার জন্য বাসাটিতে পরিবার নিয়ে অবস্থান করছিলেন। তিনটি পরিবারের সদস্যরাই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































