Apan Desh | আপন দেশ

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতঃপর...

ছবি: আপন দেশ

পবিত্র মাস রমজান এলেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয়। তবে এবার বাজার নিয়ন্ত্রণ রাখতে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে বাজারে ঘুরছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছদ্মবেশে বাজার ঘুরে অনিয়মের সত্যতা পেলে করছেন জরিমানাও।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুরের শিবচর পৌর বাজারে এ ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

আরও পড়ুন <<>> ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
 
শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়