ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল–এর জন্য বড় দুঃসংবাদ। দলের ডেথ ওভার স্পেশালিস্ট ও অন্যতম দ্রুতগতির পেসার মাথিশা পাথিরানা টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। টুর্নামেন্টের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। বিষয়টি ঘুরিয়ে–পেচিয়ে নিশ্চিত করেছেন দলের ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠোর। গ্রুপপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাথিরানাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। বদলি খেলোয়াড়ের বিষয়ে এখনও আলোচনা চলছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারের চতুর্থ বল করার সময় ফলো থ্রুতে হঠাৎ থমকে যান পাথিরানা। বল ছোড়ার পরই বাম পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অধিনায়ক দাসুন শানাকা বাকি দুই বল করে ওভার শেষ করেন। এরপর আর মাঠে ফেরেননি এ লঙ্কান পেসার।
আরও পড়ুন <<>> বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার
পরীক্ষার পর জানা যায়, তার মাংসপেশিতে চোট লেগেছে। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে এ চোটে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা নিয়ে আপাতত শঙ্কা নেই। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্স–এর হয়ে। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তাকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে।
তিন ম্যাচ খেলেই সুপার এইট নিশ্চিত করা শ্রীলঙ্কা এখনও পাথিরানার বদলি ঘোষণা করেনি। সম্ভাব্য তালিকায় আছেন দিলশান মদুশান, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা। তাদের মধ্য থেকে একজন সুপার এইটের আগে দলে যোগ দিতে পারেন। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার সুপার এইট পর্ব শুরু হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































