ছবি: আপন দেশ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে- এটাই আমাদের জয়। বাংলাদেশের সরকার তারেক রহমান হোক, আমরা হাতিয়ার সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আয়োজিত বিজয়ী পথসভায় তিনি এ ষোষণা দেন।
হান্নান মাসউদ বলেন, আমাদের পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে- এটাই আমাদের জয়। আমি বলছি, সন্ত্রাস যা করার করে নিন, বেশি দিন করতে পারবেন না। তারা মনে করেছে দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে। তারা আমাদের চানন্দী ইউনিয়নের বাশার মাঝির কথা ভুলে গেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাশার মাঝি আওয়ামী লীগ করেও রক্ষা পায়নি। আজিম তাকে ছাড় দেননি। তাদের বলে দিতে চাই- বাংলাদেশের সরকার তারেক রহমান হোক, হাতিয়ার সরকার আমরা।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাতিয়াবাসী সন্ত্রাসের জবাব ভোটের মাধ্যমে দিয়েছে। নারী ভোটাররা বাধার মুখেও ভোটকেন্দ্রে গেছেন। অনেককে মারধর করা হয়েছে। তবু তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি জানান, তারা সংঘাত চান না। শান্তি চান। চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। যে দলেরই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে তিনি আগে দাঁড়াবেন।
আরও পড়ুন <<>> বিএনপি নেতার গাড়ি ভাঙচুর, চালক আহত
হান্নান মাসউদ বলেন, হাতিয়ার মানুষ দীর্ঘদিন নিপীড়নের শিকার। ভবিষ্যতে আর কাউকে নির্যাতিত হতে দেয়া হবে না। ঘাট সিন্ডিকেট বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও তা বন্ধ থাকবে। আগামী সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার কাজ শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদ পান ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মাহবুবের রহমান শামীম পান ৬৪ হাজার ২১ ভোট। বাকি আট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































