জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। একটি চেক জালিয়াতির মামলায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।
তবে পরিবারের দাবি, হ্যাঁ’র পক্ষে প্রচারণা করায় আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
আসাদের বাবা হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের দাবি, আসাদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য নির্বাচনের একদিন পর মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেফতার হয়েছেন।
তার বাবা আরও জানান, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায়। সেখানে তার এবং ছেলে আসাদের গায়ে রঙ ঢেলে দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার ওপর আক্রমণ করে। এরপর পুরোনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে গ্রেফতার করায়।
আরও পড়ুন<<>>বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি করে জনতার হাতে আটক
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জামালপুর জেলার এক ব্যক্তির চেক ডিজঅনারের মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গণভোটের অ্যাম্বাসেডর হয়ে প্রচারণায় আসছিলেন নিজ এলাকায়। নির্বাচন শেষ হলেও তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার রাত ১টার দিকে কামালপুর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে থানা পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে গ্রেফতার দেখানো হয়। এত রাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।
সুজানগর থানার ওসি খইম উদ্দিন জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































