Apan Desh | আপন দেশ

জালিয়াতি-চর দখলের নির্বাচন হয়েছে: আসাদুজ্জামান ফুয়াদ

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জালিয়াতি-চর দখলের নির্বাচন হয়েছে: আসাদুজ্জামান ফুয়াদ

ছবি : সংগৃহীত

বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংসদ নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা, জাল ভোট ও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ছিলেন ফুয়াদ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আসাদুজ্জামামান ফুয়াদ বলেন, যে ৩১ দফার ওপর ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলেছেন, সেটা কাগজ-কলমে না তার অ্যাকশন দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আপনি কীভাবে ডিল করবেন, তার ওপর নির্ভর করছে আপনি সফল হবেন কি হবেন না। দলের ক্রিমিনাল গ্যাংদের যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ২৪-এর আগের বাংলাদেশে ফিরে যাবে না। 

আরও পড়ুন<<>>হাতিয়ার সরকার আমরা: হান্নান মাসউদ

ফুয়াদ বলেন, জাল-জালিয়াতির ও চর দখলের নির্বাচন হয়েছে ২০২৬ সালে গণঅভ্যুত্থানের পরবর্তী প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ‎বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। 

তিনি বলেন, ভোট আর পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপিয়ে দেয়ার মতো শক্তি ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের আছে। আজকে যারা গুন্ডামি মাস্তানি করছে এরাই গত ১৬ বছর ধানক্ষেত, পাটক্ষেতে ছিল। নিজেরা নির্যাতনের শিকার হওয়ার পরও ১৬ বছর পর আবার জালেম হয়ে উঠছে, একই জুলুম করছে। এ রকমের চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, দয়া করে ২৪ ভুলে যাবেন না। 

এ সময় ভোটার ও এজেন্টদের একাধিক ম্যাসেজ গণমাধ্যমকর্মীদের কাছে উপস্থাপন করেন ফুয়াদ। এ ধরনের ভুরি ভুরি ম্যাসেজ ভোটের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে তার কাছে এসেছে বলেও জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়