ছবি : আপন দেশ
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক এমপি আবুল বাশার আকন্দের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় গাড়িচালক মো.আরমান আহত হন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, শনিবার বিকেলে বালিয়া মোড় এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আবুল বাশার আকন্দ ঘটনাস্থলে যান। এ সময় তার গাড়িবহরে একদল ব্যক্তি হামলা চালিয়ে গাড়ির চারপাশের কাচ ভাঙচুর করে। এতে চালক মো. আরমান আহত হন।
আরও পড়ুন<<>>বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবেক এমপিকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। এক পর্যায়ে বিএনপির একটি পক্ষের সঙ্গে আবুল বাশারের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
ভুক্তভোগী আবুল বাশার আকন্দ বলেন, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে সেখানে গেলে আমার গাড়ি ও চালকের ওপর হামলা করা হয়। আমার গাড়ি ক্ষতিগ্রস্থ ও চালক আহত হন। তবে কী কারণে হামলা হয়েছে তা জানি না।
স্থানীয়দের দাবি, নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করাকে কেন্দ্র করে এ হামলা হয়ে থাকতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































