ছবি: আপন দেশ
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মিরাজ ওরফে স্পিকার মিরাজকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। এসময় তার সহযোগী ইব্রাহীম গাজীকেও (৪২) গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহীম গাজী একই থানার সরকারপাড়া টুটপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ০৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন<<>>স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে: ইউএনও
খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপানো হয়। এতে তিনি গুরুতর জখম হন।
পরে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধেও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এসআরবি-৬-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন এ ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































