ছবি: আপন দেশ
স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানিয়েছেন ইউএনও ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন।
তিনি আরও বলেন, আধুনিক টয়লেট ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেয়া জরুরি। হাত ধোয়ার মতো ছোট একটি অভ্যাস অনেক রোগ থেকে সুরক্ষা দিতে পারে।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নওহাটা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।
নওহাটা পৌর প্রশাসক ইবনুল আবেদীন বলেন, সরকারের উদ্যোগে দেশে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। হাটবাজারসহ অনেক বাড়িতে আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। ছোটখাটো অবহেলার কারণে অনেক সময় আমরা হাত ধোয়ার মতো প্রয়োজনীয় বিষয়টি এড়িয়ে যাই।
আরও পড়ুন<<>>সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ১
নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও আরও বলেন, হাত পরিষ্কার রাখার অভ্যাসের মাধ্যমে সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। এক্ষেত্রে করোনাভাইরাস মহামারির সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুধু হাত ধুলেই হবে না, সঠিক নিয়মে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে শিশুদের খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































