ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাড়িটি লক্ষীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছিল। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝুমুর চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে করে বদরুল ইসলাম শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: আসিফ মাহমুদ
পরে টাকা ও গাড়িটি জব্দ করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। তাদেরকে লক্ষ্মীপুর জজ আদালত ভবনের চতুর্থ তলায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার হওয়া অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং শহরের আল-আমিন ফার্মেসির মালিক।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
নির্বাচনকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রতিপালন এবং অবৈধভাবে নগদ অর্থ পরিবহন রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































