Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ড শহরের ‘সিলভার রেল এলিমেন্টারি স্কুলে’ এ ঘটনা ঘটে।

বেন্ড পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ এবং ১১ বছর। এ ঘটনায় এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন। এছাড়া ৭ বছর বয়সী এক শিক্ষার্থী এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত অবস্থায় বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- ১৬ বছর বয়সী হামলাকারী বিদ্যালয়ের বন্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। হামলাকারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে প্রথম একটি গাড়ি থেকে গুলির অভিযোগ আসে, যেখানে দীর্ঘ বন্দুকধারী এক ব্যক্তি গুলি ছুড়ছিল। এর পরপরই দুপুর ১টা ০১ মিনিটে স্কুলটি লকডাউন করা হয় এবং দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন<<>>ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলায় নিহত ৫

এক প্রত্যক্ষদর্শী নাগরিক হামলাকারীকে স্কুলে ঢুকতে দেখে তাকে ধাওয়া করে ভেতরে যান এবং গুলি ছোড়েন। এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

ঘটনার পরপরই স্কুলের প্রতিটি কক্ষ খালি করে শিক্ষার্থী ও কর্মীদের বাসে করে পার্শ্ববর্তী একটি চার্চে নিয়ে স্বজনদের সঙ্গে মিলিয়ে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে তদন্তে সার্বিক সহায়তা করতে এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। অরেগনের গভর্নর টিনা কোটেক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে যে নাগরিক সাহসিকতার সঙ্গে হামলাকারীকে রুখে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ওপর নজর রাখা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর হিসাব অনুযায়ী, চলতি ২০২৬ সালে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩৬৯টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ‘এভরিটাউন ফর গান সেফটি’ জানিয়েছে, চলতি বছর মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত ১০০টি গুলির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়