ছবি: আপন দেশ
দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন-এ বার্তা ছড়িয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।
আলোচনা সভায় বি.এম কুদরত-এ-খুদা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো অভিশাপ বা অগ্রগতির অন্তরায় নয়। উপযুক্ত সুযোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও জাতীয় উন্নয়নে সমান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সাদাছড়ি কেবল একটি চলাচলের হাতিয়ার নয়, এটি তাদের স্বাবলম্বিতা, নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রতীক। প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি।
আরও পড়ুন<<>>পুলিশ কুপানো মিরাজ গ্রেফতার
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, কুড়িগ্রাম প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রকল্প ম্যানেজার শফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম। এতে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডিক্যাপের প্রতিনিধি তাজুল ইসলাম, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রতিনিধি অরবিন্দ রায়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































