Apan Desh | আপন দেশ

জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার প্রার্থী

বিন ইয়ামিন মোল্লা ও আনোয়ারুল ইসলাম। ছবি: আপন দেশ

কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) গণঅধিকার পরিষদের ছাত্রসংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি একই আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থনের ঘোষণা দেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির ফুটবল মাঠে জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

বিন ইয়ামিন মোল্লা নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থীর পাশেই থাকবেন। রোববার বিকেলের জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বক্তব্য দেন। বলেন, এলাকার উন্নয়ন এবং জনপদের বৃহত্তর স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন করছি। জামায়াত প্রার্থী নির্বাচিত হলে প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন তিনি।

পরে এক প্রতিক্রিয়ায় ইয়ামিন মোল্লা বলেন, জনপদের বৃহত্তর স্বার্থে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এলাকার মানুষের প্রতি দেয়া অঙ্গীকারগুলো জামায়াত প্রার্থী তাদের সঙ্গে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এ আলোচনার ভিত্তিতেই তিনি সমর্থনের সিদ্ধান্ত নেন। তিনি তার সমর্থক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জামায়াত প্রার্থীর পাশে থাকার এবং তাকে ভোট দেয়ার আহবান জানান।

আরও পড়ুন <<>> স্বতন্ত্র প্রার্থীর পত্রিকা অফিসের সামনে আগুন

সভায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামও বক্তব্য রাখেন।

এদিকে দলীয় প্রার্থীর এমন সিদ্ধান্তে বিব্রত গণঅধিকার পরিষদের জেলা নেতারা। তারা জানান, কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাদের জানা নেই। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ বলেন, দলীয়ভাবে তারা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। বিন ইয়ামিন মোল্লার জামায়াতকে সমর্থন দলীয় সিদ্ধান্ত নয়। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়