Apan Desh | আপন দেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ছবি: সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে জানিয়েছেন তিনি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, তিনি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন। তবে গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিহিংসার কারণে তিনটি মামলায় তার নামে অভিযোগ আনা হয়। ওই সময়ে তিনি সংসদ সদস্য ছিলেন না এবং মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। মামলায় নাম থাকার কারণে নিজ এলাকা থেকে বিতাড়িত হতে হয়েছে।

আরও পড়ুন <<<>> প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মুফতি আমির হামজা

মৃধা বলেন, নির্বাচনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিলের জন্য আইনি বাধ্যবাধকতার কারণে নিজে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। এরপর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে তাকে এবং তার নেতাকর্মীদের বিভিন্ন মহল থেকে ভয়-ভীতি ও গ্রেফতারের হুমকি দেয়া হয়। ফলে তিনি অন্যান্য প্রতিদ্বন্দী প্রার্থীদের মতো স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি। এমন পরিস্থিতিতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন।

তিনি ভোটার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, সাংবাদিক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি নির্বাচনী এলাকার সকলের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবাইকে তার জন্য দোয়া ও আর্শীবাদ করার আহবান করেন।

জানা গেছে, তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া জানান, তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলের নির্দেশে নয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়