Apan Desh | আপন দেশ

ব্র্যাক ব্যাংক থেকে গ্রাহকের টাকা লোপাট, পাঁচ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫৪, ১১ আগস্ট ২০২৫

ব্র্যাক ব্যাংক থেকে গ্রাহকের টাকা লোপাট, পাঁচ জনের নামে মামলা

ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখা থেকে এক সৌদি প্রবাসীর ৯ লাখ টাকা গায়েব হয়েছে। এ ঘটনায় সৌদি প্রবাসী মো. বাবুল হোসেন ৫ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছেন।

সোমবার (১১ আগস্ট) রাজবাড়ীর মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনাল আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন আবু দাউদ, মো. হাইসম খান, মিসেস খাতেজা খাতুন, মো. আলামিন ইসলাম ও মো. রেজোয়ান ছাগির। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সৌদি প্রবাসী বাবুল হোসেন জানান, তিনি গত ১৬ জুলাই দেশে ফিরে ৩০ জুলাই ব্র্যাক ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা করা টাকা তুলতে গেলে জানতে পারেন তার অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নেই। ব্যাংক থেকে হিসাব বিবরণী নিয়ে তিনি দেখেন, গত ২১ জানুয়ারি তার অ্যাকাউন্ট থেকে আসামিদের বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন>>>সরকারি ব্যাংকে সুপার নিউমারি পদ: জড়িতদের শাস্তির নির্দেশ প্রধান উপদেষ্টার

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে ফিশিংয়ের মাধ্যমে এ টাকা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে।

এ বিষয়ে জানতে ৫ জন আসামির একাউন্টে ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নিউটন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়