ফাইল ছবি
দেশজুড়ে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে এবং একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আরও পড়ুন <<>> সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার
তবে তাপপ্রবাহ এখনই পুরোপুরি শেষ হচ্ছে না। ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও খুলনাসহ বিভিন্ন এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ২৭ ও ২৮ এপ্রিল বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ওই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































