Apan Desh | আপন দেশ

ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৮, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ০৯:০৯, ২৫ মার্চ ২০২৬

ঢাকাসহ পাঁচ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

ছবি: আপন দেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীও বয়ে যেতে পারে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

একই সময়ে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর গতিবেগ সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন <<>> রাতেই আসছে ৬০ কিমি বেগে ঝড়

সকাল ৬টা-৭টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়