ছবি : আপন দেশ
পৌষের শেষ সপ্তাহে সারাদেশে দাপট দেখাচ্ছে শীত। গত কয়েক দিন ধরে চলমান টানা শৈত প্রবাহে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো। শীত থেকে রেহাই মিলছে না রাজধানীবাসীরও। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে আগের তুলনায় দিনের বেলা শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
এতে আরও বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমাতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন<<>>শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (০৯ জানুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এছাড়া শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। রোববার ভোরে সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।
অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































