ছবি: আপন দেশ
বঙ্গোপসাগরে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এ নতুন লঘুচাপটি তৈরি হওয়ার এবং পরবর্তীতে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, তবে তা মূলত লঘুচাপটির গতিপ্রকৃতি ও তীব্রতা বাড়ার ওপর নির্ভর করছে
বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শুক্রবারের দিকে বঙ্গোপসাগরের আরেকটি এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন <> দেশে স্বর্ণ-রুপার আজকের বাজারদর
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে রোববার (২৩-২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































