ঢাকার আকাশ শনিবার (১১ মে) সকালেই ঘন কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল আকাশের গর্জন। এ সময় রাজধানীতে বিরাজ করে রাতের আবহ।
সকাল সাতটার কিছু সময় পর নামে অঝোর বৃষ্টি। বৃষ্টির কারণে নগরজুড়ে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। এ ছাড়া বিশেষ করে সকালে জরুরি কাজে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন <> ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করতে জাতিসংঘে প্রস্তাব পাস
হাতিরঝিলে অফিসগামী রুহুল আমিন বলেন, যেতে হবে পল্টন। বৃষ্টির একটু বিরতিতে বাসা থেকে বেরিয়েছি। কিন্তু নানা জায়গায় পানি জমে গিয়েছে। জুতা জোড়া ভিজে গেছে। অনেকটা ছাতায় মানছে না বৃষ্টি। এমন দিনে বিশেষ কাজ না থাকলে বাসায় থাকতেই মন চাই।
বেসরকারি চাকরিজীবী আবু তাহের টোটন বলেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ অন্ধকার। এরপরই নামে ঝুম বৃষ্টি। এজন্য বাসা থেকে অফিসের উদ্দেশে বের হতে পারিনি। বৃষ্টি থামার পর বেরিয়েছি। কিন্তু ছাতা সুরক্ষা দিতে পারছে না।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্-মৌসুমি বায়ুর সময়। এ সময়টিতে এমন হয়।
তিনি বলেন, এমন বৃষ্টি এবং মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।
গত এপ্রিল মাসের প্রথম দিন থেকে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ছিল। তবে মাসের দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহের এলাকা কমতে থাকে। তিন দিন হলো দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































