Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ২১ অক্টোবর ২০২৬

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ছবি: আপন দেশ

দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

অন্যদিকে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এ ছাড়া আগামী ২৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন <> নীল অর্থনীতিতে সরকারের বড় উদ্যোগ

আকাশ রোদোজ্জ্বল থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বেশি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সমুদ্রবন্দরগুলোর জন্যও আপাতত কোনো সতর্কসংকেত নেই।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়