Apan Desh | আপন দেশ

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন কে?

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন কে?

ফাইল ছবি

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপ ক্রিকেটে ভরাডুভি হয়েছে বাংলাদেশ দলের। একের পর এক ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে টাইগ্রেসরা। এরপরই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে শুরু হয় সমালোচনা। তার জেরেই নেতৃত্ব ছাড়েন তিনি। এখন শুরু হয়েছে নতুন দলপতি নিয়ে আলোচনা।

জানা গেছে, টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও অলরাউন্ডার সোবহানা মোস্তারি। 

বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে নাহিদা ও সোবহানার নাম সামনে আসতে পারে।

বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেন, নিগারের জায়গা নেয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।

আরও পড়ুন<<>>জিদানের ফরাসি দলে নতুন পাঁচ মুখ

নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিবি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারকেও নেতৃত্বের জন্য তৈরি করতে পারে। এর মধ্যে ‘এ’ দলের নেতৃত্ব দেয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার বিকল্প হতে পারেন। তবে এ মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেয়াটা কিছুটা আগেভাগে হয়ে যাবে বলে বোর্ডের ভেতরে একটি ধারণা রয়েছে।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক দ্রুতই ঠিক করতে হবে বাংলাদেশকে। জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগারের সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে জ্যোতির বিষয়টি ফের থাকতে পারে বিবেচনায়। এ ছাড়া বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হতে পারেন ডেভিড হেম্প। 

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন জ্যোতি। তার অধিনায়কত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যোতি। চার ইনিংসে করেন ১০৪ রান এবং উইকেটের পেছনে ছিল সাতটি ডিসমিসালও। তবে তার সাম্প্রতিক ফর্ম ও দলের একের পর এক হার নতুন করে প্রশ্নের জন্ম দেয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়