ছবি : আপন দেশ
রাজশাহীর বাগমারায় একই পরিবারের দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ০৮ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনেরা বাগমারা থানায় দুটি পৃথক জিডি করেছেন।
নিখোঁজ দুই গৃহবধূ হলেন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তারা পরস্পর জা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে লামিয়া ও আশা বিবি একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরেননি। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে আশপাশের বিভিন্ন স্থানে এবং পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হয়। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>>বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই দুই গৃহবধূর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য না পাওয়ায় শেষ পর্যন্ত থানায় পৃথক জিডি করেন স্বজনেরা।
দুই গৃহবধূর নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তাদের সন্ধানকে নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি হয়েছে। জিডি হওয়ার পর থেকেই তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা নেয়ার পাশাপাশি মাঠপর্যায়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































