Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ৩০ হাজারের বেশি অভিবাসী আটক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ৯ জুন ২০২৬

মালয়েশিয়ায় ৩০ হাজারের বেশি অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় গত ৫ মাসে ৩০ হাজার ৮০১ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। চলতি বছরের ৩১ মে পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এ বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে আটক করেছে। 

মঙ্গলবার (০৯ জুন) মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।

দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩২৪ জন বিদেশি তাদের প্রদত্ত পাশ বা ভিসার অপব্যবহার করেছেন বলে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অনেকে মালয়েশিয়ায় প্রবেশের মূল উদ্দেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন বিভাগ বিদেশিদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে, পাশের শর্ত লঙ্ঘন, অনুমোদনহীন কর্মসংস্থান এবং বৈধ অনুমতি ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ আইন লঙ্ঘনের ঘটনা আরও কার্যকর ও সমন্বিতভাবে মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে দেশজুড়ে অভিযানও বৃদ্ধি করা হবে।

মহাপরিচালক জানান, এ লক্ষ্যে বিভাগটি ইনস্পেক্টরেট অব এনফোর্সমেন্ট গঠন করেছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ও অধিক বিদেশি অধ্যুষিত এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা, অভিবাসন আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সৌদি আরবে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

মহাপরিচালক বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে জেআইএম বার্ষিক কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) নির্ধারণ করেছে, যেখানে বিদেশি কর্মী ও নিয়োগকর্তাদের অভিবাসনসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি আবার বলেন, ইমিগ্রেশন বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ যে, বিদেশিদের দেয়া অভিবাসন সুবিধা যেন শুধুমাত্র অনুমোদিত উদ্দেশেই ব্যবহার করা হয়। একই সঙ্গে জনশৃঙ্খলা বজায় রাখা, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষা এবং সবার জন্য ন্যায্য অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়