ছবি : সংগৃহীত
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (০৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ১২৬ জন রয়েছেন।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ২৫ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও সহায়তা দেয়ার অভিযোগে ১৬ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন<<>> ড্রোন হামলায় কুয়েতে চার বাংলাদেশি আহত
মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ হাজার ৪৯৫ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বহিষ্কারের চূড়ান্ত প্রস্তুতির জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।
সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































