Apan Desh | আপন দেশ

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।  উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের লক-ইন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালার খসড়াও অনুমোদন দিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসি’র ৯৯৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

কমিশন সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট অনুষ্ঠিত ৮৩৭তম সভায় কোম্পানিটির ৯৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয়া হয়। প্রসপেক্টাস অনুযায়ী, উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, কারখানা ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা ব্যয়ে ব্যবহার করার কথা থাকলেও এখন পর্যন্ত আইপিও তহবিলের পূর্ণ ব্যবহার সম্পন্ন হয়নি।

আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন

এ অবস্থায় প্রকল্প মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৩২ তলাবিশিষ্ট ভবন নির্মাণসংক্রান্ত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (PSI) প্রকাশ করে কোম্পানিটি। বিষয়টি তাদের সংঘস্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন চালিয়ে একাধিক অসংগতি চিহ্নিত করে।

ডিএসই’র সুপারিশ, বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে— কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের (প্রসপেক্টাসে উল্লিখিত ১৮৩ ব্যক্তি/প্রতিষ্ঠান) ধারণকৃত শেয়ারের ওপর বিদ্যমান লক-ইন অবমুক্তির নির্ধারিত সময় থেকে আরও তিন বছর বৃদ্ধি করা হবে। অথবা প্রস্তাবিত ৩২ তলা ভবনের নির্মাণ সমাপ্তি ও বাণিজ্যিক কার্যক্রম শুরু (রাজউক অকুপেন্সি সনদসহ)—যেটি পরে সম্পন্ন হবে, ততদিন পর্যন্ত লক-ইন বহাল থাকবে।

এদিকে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়