Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে রহস্যময় উইকেট

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ২০ আগস্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে রহস্যময় উইকেট

ছবি : সংগৃহীত

ঘাসের সবুজ চাদরে বসে খেলা দেখবেন হাজারো দর্শক। গ্যালারি নেই বললেই চলে, প্রেস বক্সে জায়গা মাত্র ছয়জনের। অচেনা এ মাঠেই খেলতে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় এবার অনুষ্ঠিত হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। ভেন্যু হিসেবে এটি একেবারেই নতুন মুখ। তাই উইকেট কেমন হবে, সে প্রশ্ন এখন সবার মুখে।

প্রথম টেস্টে ডারউইনের মারারা স্টেডিয়ামে নিয়মিত ম্যাচ হলেও পিচ নিয়ে জল্পনা-কল্পনা কম ছিল না। শেষ পর্যন্ত স্পোর্টিং উইকেট পেলেও অস্ট্রেলিয়া একতরফাভাবে হেরে যায়। সে হারের পর থেকেই নজর ঘুরেছে দ্বিতীয় টেস্টের উইকেটের দিকে। ম্যাকাইয়ে রহস্য আরও গভীর। কারণ এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস খুবই সীমিত।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন অবশ্য আশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, এখানে অনেক সুন্দর উইকেট তৈরি হয়। সাদা বল আর লাল বলের খেলায় পার্থক্য থাকলেও তারা ভালো উইকেটই আশা করছেন। বাউন্স থাকবে এবং পিচ ফাস্ট হবে। ম্যাকাইয়ে ফিরে আসতেও তিনি খুশি। আগে এখানে ভালো সময় কেটেছিল বলে স্মৃতিগুলো আবার জেগে উঠছে। বিশ্বমানের সুযোগ-সুবিধাও রয়েছে এখানে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

ম্যাকাইয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টির কারণে মাত্র দুই বল গড়াতে পেরেছিল। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে এখানে মাত্র দুটি ওয়ানডে হয়েছে গত বছরের আগস্টে, যখন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। ৩৪ বছরে মোট তিনটি আন্তর্জাতিক ম্যাচ, এটাই এ স্টেডিয়ামের ইতিহাস।

অস্ট্রেলিয়া-বাংলাদেশের এ দ্বিতীয় টেস্ট দিয়েই গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার টেস্ট অভিষেক হচ্ছে। এর আগে প্রথম শ্রেণির ও লিস্ট এ ক্রিকেট হলেও টি-টোয়েন্টি এখনো আয়োজিত হয়নি। অচেনা মাঠ, সীমিত সুবিধা আর অজানা উইকেট; সব মিলিয়ে ম্যাকাইয়ের এ টেস্ট নিয়ে আগ্রহ এখন তুঙ্গে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement