Apan Desh | আপন দেশ

মেসি মায়ামির হয়ে মাঠে নামছেন রোববার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ১ আগস্ট ২০২৬

মেসি মায়ামির হয়ে মাঠে নামছেন রোববার

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে মাঠেই কেঁদেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তারপর সোজা চলে গিয়েছিলেন রোজারিওর বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরেছেন যুক্তরাষ্ট্রে। এরইমধ্যে ইন্টার মায়ামির হয়ে অনুশীলন করেছে তিনি। এবার নামছেন মাঠে।

বাংলাদেশ সময় রোববার (০২ আগস্ট) সকালে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন এ আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম পুনরায় চালু হওয়ার পর শুক্রবার (৩১ জুলাই) মায়ামির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। ফিরেছেন তার জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দি পলও। মায়ামির পরবর্তী ম্যাচের স্কোয়াডে তাদের দুজনকেই রাখা হয়েছে।

শেষবার তারা ফুটবল মাঠে খেলতে নেমেছিলেন সবশেষ বিশ্বকাপের ফাইনালে। নিউজার্সিতে অতিরিক্ত সময়ে গড়ানো ঘটনাবহুল লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেদিন গোটা দলের মতো নিষ্প্রভ ছিলেন মেসি ও দি পল।

কলম্বাসের মুখোমুখি হওয়ার আগে মায়ামির কোচ গিলের্মো হোয়োস গণমাধ্যমকে বলেছেন, (মেসি) অল্প সময় আগে এখানে এসেছে। তাই এখনও এ বিষয়ে (তারা খেলবে কি না) ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি। তবে আমরা আনন্দিত যে দুজনই (মেসি ও দি পল) ফিরেছে।

মেসিকে ছাড়াই দারুণ ফর্মে আছে মায়ামি। ১৭ ম্যাচ খেলে ১২ জয় ও এক ড্রয়ে তাদের অর্জন ৩৭ পয়েন্ট। গত ০৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা অব্যাহত রেখে সপ্তম জয়ের খোঁজে আছে দলটি। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি এবারও শিরোপার দৌড়ে বেশ ভালো অবস্থানে আছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামবে তারা।

আরও পড়ুন<<>>অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা

দলের অন্য তারকারাও আছেন ছন্দে। রোববার সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ক্লাবের হয়ে অভিষেক হয়েছে সদ্য চুক্তিবদ্ধ ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর। কলম্বাসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ঘরের মাঠে তার প্রথম ম্যাচ।

গোলের ধারা অব্যাহত রেখেছেন লুইস সুয়ারেজ। মন্ট্রিয়লের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। বিশ্বকাপের পর হওয়া দুই ম্যাচে ৩ গোল করার পাশাপাশি মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে ৬ গোল করেছেন এ উরুগুইয়ান স্ট্রাইকার।

অন্যদিকে, নিজেদের মান অনুযায়ী খুব একটা ভালো মৌসুম পার করছে না কলম্বাস। ১৭ ম্যাচে তাদের নামের পাশে মাত্র ১৯ পয়েন্ট। তবে রোববার ‘হেল ইজ রিয়েল’ ডার্বিতে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ায় কিছুটা আত্মবিশ্বাসী হয়েই মায়ামির বিপক্ষে মাঠে নামবে তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়