ছবি: হকি ফেডেরেশন
আগের আসরে কাছাকাছি গিয়েও ছোঁয়া হয়নি শিরোপা। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল । এবার সে আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ওমানের মাসকটে অনুষ্ঠিত নারী জুনিয়র এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের মেয়েরা।
শনিবার (১৮ জুলাই) রাতে ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এশিয়ান হকির যুব পর্যায়ে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের নারী হকি দলের সবচেয়ে বড় ও সেরা সাফল্য।
টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামা বাংলাদেশ দল ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে কোণঠাসা করে রাখে।
আরও পড়ুন<<>>ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন অ্যাডহক কমিটি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক আইরিন। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমা নাদিরা।
শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তান ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি। কাজাখস্তান পেনাল্টি কর্নার থেকে একবার বল জালে জড়ালেও রিভিউয়ের মাধ্যমে তা বাতিল হয়ে যায়।
কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং হংকং চায়নাকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে পুরো আসর জুড়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৮-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারায় তারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































