ছবি সংগৃহীত
ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি নরওয়ের সামনে। গ্রুপ পর্বের তিনটির মধ্যে দুইটিতে জয় নিয়ে বত্রিশে খেলে দলটি। নকআউট এ পর্বে জয়ের ধারা অব্যাহত রেখে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে হালান্ডরা। এবার তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।
সে লক্ষ্য সামনে রেখে রোববার (০৫ জুলাই) রাতে নিউ ইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে নওরয়ে। ‘হেক্সা’ পূরণের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিল এবারের আসরের ফেভারিট দলগুলোর একটি। কিন্তু পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের কোনো সাফল্য নেই নরওয়ের বিপক্ষে। এ পর্যন্ত মুখোমুখি চার ম্যাচে কখনও জিততে পারেনি ব্রাজিল।
বিশ্বকাপে দুই দলের সবশেষ দেখায়, জয়ের হাসি নরওয়ের। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল তারা। আর্লিং হলান্ড নামের এক গোলমেশিন নিয়ে এবার আরও আত্মবিশ্বাসী দলটি। তবে, সুলবাকেন মনে করেন, স্নায়ুর চাপ সামলে, রক্ষণ জমাট রেখে খেলতে হবে তাদের।
পরিস্থিতি অনুযায়ী নয়, আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। নিশ্চিত করতে হবে, উপলক্ষ্য অনুযায়ী আমরা যেন না খেলি, কিন্তু যেন সহজাত ফুটবলটা খেলি। লেফট ও রাইট ব্যাক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে দুই উইং ব্যাককে সাহায্য করাও গুরুত্বপূর্ণ, যাতে তাদের ওয়ান অন ওয়ান পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এবং একাই লড়াই করার পরিস্থিতিতে পড়তে না হয়। আশা করি, আমরা জায়গা (জোন) ধরে খেলার কৌশলে থাকতে পারব। তাহলে, রক্ষণে যেই থাকুক না কেন, সে পাশে খেলোয়াড়ের সাহায্য পাবে।
আরও পড়ুন<<>>অদম্য নরওয়ের মুখোমুখি আত্মবিশ্বাসী ব্রাজিল
চলতি আসরে নরওয়ের ছুটে চলায় দারুণ অবদান হলান্ডের। এরই মধ্যে পাঁচ গোল করেছেন এ ফরোয়ার্ড। এখন পর্যন্ত হলান্ডকে বলের জোগান দেয়ার পথটা খুঁজে পাওয়ায় খুশি সুলবাকেন। প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় না থেকে, নিজেদের খেলার দিকেই মনোযোগ তার। আমার মনে হয়, হলান্ডকে সহযোগিতা করার এবং তাকে বলের জোগান দেওয়ার পথ খুঁজে পেয়েছি আমরা। আমরা এমন একটা দল, যারা ব্রাজিলের জন্য অপেক্ষা করতে পারি না। কেননা, আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের খেলায়, আমাদের স্বল্প বা দীর্ঘমেয়াদে রক্ষণ সামলাতে হতে পারে, তখনও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে।
তিনি বলেন, আমি মনে করি না, তারা খুব বড় (মাপের দল), বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা ছিল…লম্বা সময় ধরে আমরাও ভালো ছন্দে ছুটছি এবং দারুণ আত্মবিশ্বাস আছে আমাদের। বল পায়ে আমাদের খেলার ভালো একটা ধরন আছে এবং আমি মনে করি, এটা আমাদের সাহায্য করে।
ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা কতটা- এমন প্রশ্নে সুলবাকেন অনেকটা প্রথাগত ধাঁচে উত্তর দিলেন। এ ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা কত শতাংশ, সেটা ঠিকঠাক বলা কঠিন। এটা ৬০-৪০ বা ৭০-৩০ হতে পারে। যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা নিজেদের দিনে ব্রাজিলকে আঘাত করতে পারি, কিন্তু এজন্য আমাদের সেরা ছন্দে থাকা দরকার; নয়তো কোনো সুযোগ নেই। যদি, আমরা নিজেদের সেরা, সেরা ছন্দে থাকি, তাহলেই কেবল সুযোগ থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































