Apan Desh | আপন দেশ

অস্ট্রিয়া ম্যাচে মেসি সামনে তিন রেকর্ড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ২১ জুন ২০২৬

অস্ট্রিয়া ম্যাচে মেসি সামনে তিন রেকর্ড

ছবি : সংগৃহীত

লিওনেল মেসি আর রেকর্ড, একে অপরের পরিপূরক। তিনি মাঠে নামছেন মানে নতুন কোনো রেকর্ডের হাতছানি। ৩৯ ছোঁয়ার অপেক্ষায় থাকা মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ডের মালায় নিজেকে জড়িয়ে নিয়েছেন।

সোমবার (২২ জুন) দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। এ ম্যাচেও মেসির জন্য অপেক্ষা করছে আরও তিনটি বড় রেকর্ডের। 

উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। আর এ ম্যাচেই নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে এসেছেন তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে দখল করবেন মেসি।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে তাকে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলে এ কীর্তিতেও একক মালিক হয়ে যাবেন তিনি।

এছাড়া আরেকটি বিশেষ রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি বর্তমানে যৌথভাবে ধরে রেখেছেন তিনি ও ব্রাজিল কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে রিভেলিনো দূরপাল্লার শটে পাঁচটি গোল করেছিলেন।

আরও পড়ুন <<>> নেইমার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার: ব্রাজিলের প্রেসিডেন্ট

অন্যদিকে মেসি ২০১৪ বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান এবং নাইজেরিয়ার বিপক্ষে তিনটি, ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি এবং চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে একটি গোল করে সে রেকর্ডে ভাগ বসিয়েছেন। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে আরেকটি গোল করতে পারলে রিভেলিনোকেও পেছনে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।

আলজেরিয়া ম্যাচে রেকর্ডের পাতায় ঝড় তোলা মেসি এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবেন নতুন তিনটি ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। ফুটবলপ্রেমীদের নজরও তাই থাকবে ডালাসের ম্যাচটির দিকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়