ছবি: আপন দেশ
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ইতিহাস গড়া সিরিজে আরও বড় সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার।
রোববার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। যদিও শুরুতে একের পর এক ধাক্কা সামলাতে টাইগারদের। তবে শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।
ইনিংসের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম ওভারেই ফিরে যান সৌম্য সরকার। মাত্র ৪ বল খেলে ২ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন। তাদের জুটিতে দলীয় সংগ্রহ পঞ্চাশ পার হলেও বড় হতে পারেনি সে জুটি।
পাওয়ারপ্লের শেষ দিকে ২০ বলে ১৯ রান করে আউট হন তানজিদ। এরপর ১৫তম ওভারে ৫০ বলে ২৪ রান করা শান্তও বিদায় নেন। যার মধ্য দিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শতরানের আগেই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও লিটন দাস চতুর্থ উইকেটে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ৮২ রানের জুটি। দুজনের ব্যাটে ধীরে ধীরে বড় সংগ্রহের ভিত্তি পায় স্বাগতিকরা। ইনিংসের ৩৩তম ওভারে পায়ের পেশিতে টান অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। তখন তার নামের পাশে ছিল ৭৩ বলে ৪৮ রান। তার জায়গায় উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এক প্রান্ত আগলে রেখে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এ ডানহাতি ব্যাটার ৮৩ রানের মূল্যবান ইনিংস খেলে ৪৬তম ওভারে বেন ডরশুইসের শিকার হন। হৃদয়ের বিদায়ের পর ব্যাট হাতে নামেন দীর্ঘদিন পর দলে ফেরা শেখ মেহেদী হাসান।
আরও পড়ুন <<>> ইতিহাস গড়ার ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ
অন্যদিকে সুযোগটা দারুণভাবে কাজে লাগান মোসাদ্দেক। লিটনের বদলি হিসেবে নেমে খেলেন দায়িত্বশীল ইনিংস। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে ফিফটি তুলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
ইনিংসের শেষভাগে আবার মাঠে ফিরে আসেন লিটন দাস। ফিরে এসে নিজের অর্ধশতকও পূর্ণ করেন। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি। লিটন, হৃদয় ও মোসাদ্দেকের দৃঢ় ব্যাটিংয়ে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করিয়ে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































