ছবি: আপন দেশ
অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার এ সাফল্যে শেষ হয়েছে ৬১৫৭ দিনের দীর্ঘ অপেক্ষা। প্রায় ১৭ বছর পর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডে ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেয়ার কীর্তি দেখালেন।
বাংলাদেশের করা ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের উদ্বোধনী বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দেন তাসকিন।
হার্ড লেন্থে করা বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করলেও বলের গতি ও মুভমেন্ট বুঝতে পারেননি শর্ট। ফলে কোনো রান যোগ করার আগেই তাকে ফিরতে হয় সাজঘরে।
তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটিই প্রথমবার, যখন তিনি ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করলেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে খেললেও এর আগে এমন সাফল্য তার ঝুলিতে ছিল না। অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পর এবার আরও একটি বিরল রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন এখন চতুর্থ।
এ তালিকায় প্রথম নাম সাইফুল ইসলামের। তিনি ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েছিলেন। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই প্রতিপক্ষের উইকেট তুলে নেন।
আরও পড়ুন <<>> অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
তবে মাহবুবুল আলমের সে সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন আহমেদ।
ওয়ানডেতে প্রথমবার এ কীর্তি গড়লেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এর আগেও এমন সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন এ ডানহাতি পেসার। এবার সে তালিকায় যুক্ত হলো ওয়ানডে ক্রিকেটও।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































