Apan Desh | আপন দেশ

বিসিবির পরিচালক পদ ছাড়লেন প্রতিমন্ত্রীপুত্র মীর সীমান্ত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৬, ৮ জুন ২০২৬

আপডেট: ২১:৩৪, ৮ জুন ২০২৬

বিসিবির পরিচালক পদ ছাড়লেন প্রতিমন্ত্রীপুত্র মীর সীমান্ত

ছবি: আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েই পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পরিচালক হয়েছিলেন।

সোমবার (০৮ জুন) দুপুরে নিজের বিসিবিকে পদত্যাগপত্র পাঠান।

নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে ভোটের মুখোমুখি হতে হয়নি। এবারের বিসিবি নির্বাচনে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট যে কয়েকজন পরিচালক ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে। সীমান্ত জেলা ও বিভাগীয় প্রতিনিধি ক্যাটাগরিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে বিসিবি নির্বাচনের আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। বিষয়টি বিভিন্ন মহলে আলোচনায়ও আসে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা যায়। সে নিয়ম অনুসরণ করেই তিনি সোমবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন।

নতুন বোর্ড সভাপতি তামিম ইকবালের কাছে সম্বোধন করে লেখা ওই চিঠি বোর্ডের দফতর গ্রহণ করেছে।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ জিতে দাড়ি-গোঁফ রাখতে চান ইয়ামাল

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মীর শাকরুল আলম সীমান্ত চিঠিতে উল্লেখ করেন, তার পিতা বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় পারিবারিক সব ব্যবসার দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়েছে। এ কারণে ব্যবসায়িক ব্যস্ততার মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে যথাযথ ভূমিকা পালন করা তার পক্ষে সম্ভব হবে না। তাই তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মোট ২৫ জন পরিচালক রয়েছেন। একজন পরিচালক পদত্যাগ করায় সংশ্লিষ্ট ক্যাটাগরিতে নতুন করে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগেই পরিচালনা পর্ষদের ২৫টি পদের মধ্যে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেয় আরও ২ জনকে। বাকি ১৫টি পদে নির্বাচন হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement