ছবি: সংগৃহীত
লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের ব্যাপক অংশগ্রহণে তৈরি হয়েছে উন্মাদনা। এবারের ড্রাফটের জন্য বিশ্বের ২১ দেশ থেকে ৬৫০ জনের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।
শনিবার (২৩ মে) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশের রয়েছেন ৪৮ জন ক্রিকেটার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
এবারের আসরে আবারও ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দল গঠন করা হবে। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে ড্রাফট। প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩১০ জন ক্রিকেটার চূড়ান্ত ড্রাফটে জায়গা পাবেন।
নিবন্ধনের হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছেন পাকিস্তান থেকে, মোট ১০২ জন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকার ৬৬ জন, নিউজিল্যান্ডের ৪১ জন, অস্ট্রেলিয়ার ২৪ জন, ইংল্যান্ডের ১৫ জন এবং ভারতের ১২ জন ক্রিকেটার রয়েছেন।
আরও পড়ুন <<>> লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তাসকিন
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডসহ সহযোগী দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার নিবন্ধন করেছেন।
সব ঠিক থাকলে আগামী ১৭ জুলাই শুরু হবে এবারের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, আর প্রয়োজন হলে ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে। টুর্নামেন্টটি টানা ২২ দিন চলবে।
এখন অপেক্ষা ড্রাফটের দিন। বাংলাদেশি ৪৮ জন ক্রিকেটারের মধ্যে কারা দল পান, সেটিই দেখার বিষয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































