Apan Desh | আপন দেশ

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তাসকিন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২৩ মে ২০২৬

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব-তাসকিন

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ

চব্বিশের গণঅভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। অবশেষে স্বীকৃত ক্রিকেটে ফিরতে যাচ্ছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তিনি খেলবেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। খেলবেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও।

৩৯ বছর বয়সী সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। একই দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন দেশের এ সময়ের অভিজ্ঞ পেসার তাসকিনকে। এলপিএলের পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে জাফনা। প্রথম ট্রফির সময় যদিও দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। পরবর্তীতে জাফনা কিংস নামেই জিতেছে তিন আসরে।

এলপিএলের সামাজিক মাধ্যমের পাতাগুলোয় সাকিবকে স্বাগত জানানো হয় এভাবে, কিংসে যোগ দিলেন বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকা। এলপিএলে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। যখন দলের স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান (করেন)। যখন খেলায় ব্রেকথ্রু দরকার, তখন (এনে দেন) উইকেট। যখন চাপ চরমে, তখন (থাকেন) অবিচল। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজনকে দলে নিয়ে জাফনা তাদের বিপজ্জনক লাইনআপে আরও শক্তি যোগ করল।

আরও পড়ুন<<>>ফের বাবা হলেন কোচ আশরাফুল

তাসকিনকে দলে নেয়ার খবর জানানো হয় এভাবে, জাফনা কিংস তাদের পেস আক্রমণে যুক্ত করল গতিময় এক অগ্নিশক্তি। এক শক্তিশালী বোলার। বাংলাদেশের তাসকিন আহমেদ নতুন মৌসুমের জন্য কিংসে যোগ দিলেন। সহজাত গতি। আগ্রাসন। বড় ম্যাচের তেজ। জাফনার বোলিং আক্রমণে যুক্ত হলো এক শক্তিশালী ফাস্ট বোলার।

সাকিব আগে এলপিএল খেলেছেন একবারই। ২০২৩ আসরে তাকে দেখা গেছে গল টাইটান্সের হয়ে। সেবার ৯ ইনিংসে ১১৪.৯৯ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছিলেন তিনি। বল হাতে অবশ্যই ভালোই করেছিলেন। উইকেট নিয়েছিলেন ১০টি, ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৫.৭০।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে গত দেড় বছর ধরে। তার ক্রিকেটার পরিচয় বেঁচে আছে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই। সবশেষ তিনি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। টুর্নামেন্টের ফাইনালে গত ৪ জানুয়ারি তার দল এমআই এমিরেটস হেরে যায় ডেজার্ট ভাইপার্সের কাছে। ফাইনালে এক ওভার বোলিং করে উইকেট না পেলেও ২৭ বলে ৩৬ রান করেছিলেন তিনি।

তাসকিনের এলপিএল অভিজ্ঞতা এক আসরের। ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পাঁচ দলের এবারের এলপিএল শুরু আগামী ১৭ জুলাই, ফাইনাল ৮ অগাস্ট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়