Apan Desh | আপন দেশ

সাবিনাদের নতুন যাত্রা শুরু

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০২, ১৫ মে ২০২৬

সাবিনাদের নতুন যাত্রা শুরু

ছবি: বাফুফে

দেশের নারী ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা সাবিনা খাতুন। তার হাত ধরেই টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। তবে নারী ফুটবল দলের কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বর্তমানে জাতীয় দলের বাইরে সাবিনা। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনের দলেও জায়গা হয়নি তার। 

তবে একেবারে বসে নেই সাবিনা। নতুন ফরম্যাটে যাত্রা শুরু হয়েছে তার। ২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশের ফুটসালে পথচলা শুরু হয়। এরপর গত জানুয়ারিতে প্রথমবারের মতো সাফ নারী ফুটসালে অংশ নিয়ে শিরোপা জেতেন সাবিনা খাতুন-মাসুরারা। একই সময়ে ছেলেদের বিভাগে সাত দলের মধ্যে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতাতেই এবার সাবিনাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দেশের ঘরোয়া ফুটসাল লিগ।

ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই অংশ নিচ্ছে ১১টি করে দল। উদ্বোধনী দিনে মেয়েদের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। আর ছেলেদের বিভাগের প্রথম ম্যাচে জয় পেয়েছে জেনন এফসি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মেয়েদের আসরে সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মধ্যকার ছয় গোলের ম্যাচটি ৩-৩ ড্র হয়।

আরও পড়ুন<<>>ইরানের ফুটবলাদের ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র 

দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় পায়নি বিকেএসপি। ম্যাচের দ্বিতীয় মিনিটে রুনার গোলে এগিয়ে যায় তারা। তবে পরের মিনিটেই নওশন জাহান সমতা ফেরান।

এরপর ১৪ মিনিটে আবারও বিকেএসপিকে এগিয়ে নেন রুনা, আর ২২ মিনিটে ব্যবধান বাড়ান মনি। কিন্তু হাল ছাড়েনি সেনাবাহিনী। ২৪ মিনিটে ইতি আক্তার একটি গোল শোধ দেন, এরপর ৩৩ মিনিটে মিতুর গোলে সমতায় ফেরে দলটি।

ছেলেদের প্রথম ম্যাচে ঢাকা অ্যাথলেটিক ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে জেনন এফসি। জয়ী দলের রিয়াজ দুটি একং সজল একটি গোল করেন। ঢাকার দুই গোল করেন আব্দুল্লাহ।

ছেলে ও মেয়েদের লিগে অংশ নেয়া ১১ দল-বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়