ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যে তিনি অর্ধশতক পূর্ণ করেছেন। প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকা এ অভিজ্ঞ ব্যাটার নিজের ৩৯তম জন্মদিন রাঙালেন এ ফিফটি দিয়ে। বিশেষ এ দিনটি ব্যাট হাতে স্মরণীয় করে রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার।
শনিবার (০৯ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে এক রান নিয়ে অর্ধশতকের দেখা পান তিনি। ১১৪ বল মোকাবিলা করে ৬টি চারে ফিফটি পূর্ণ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৯তম অর্ধশতক।
দ্বিতীয় দিনের শুরুতে বেশ সতর্ক ছিলেন মুশফিক। রান বাড়ানোর চেয়ে উইকেট ধরে রাখাতেই বেশি মনোযোগ ছিল তার। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস। কিন্তু ৬৭ বলে ৩৩ রান করে আব্বাসের বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। তিনিও সঙ্গ দিতে পারেননি মিস্টার ডিপেন্ডবলকে। ১২ বলে ১০ রানে মিরাজ থামলে দলের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৩৫৪।
প্রতিবেদন লেখার সময় ১০৩ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৬৩ রান।
আরও পড়ুন <<>> নিয়ম বদলে আর্জেন্টিনাকে সুবিধা দিল ফিফা
এদিকে টেস্ট ক্রিকেটে মুশফিকের রয়েছে ১৩টি সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় ফিফটি। এছাড়া এ দলের বিপক্ষে একটি শতকও রয়েছে তার।
প্রথম দিনের ইনিংসের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৭০ রান, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি। শান্ত খেলেন শতরানের ইনিংস। আর মুমিনুল হক সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন ৯১ রানে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































