ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুরু থেকেই দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করে চলেছে বাংলাদেশ নারী কাবাডি দল। চীনের সানিয়ায় অনুষ্ঠিত টানা দুই জয়ে পদকের পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা। তবে নিয়মরক্ষার ম্যাচে নেপালের কাছে হেরেছে তারা। যে কারণে শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ।
রোববার (২৬ এপ্রিল) সকালের ম্যাচ ছিল মূলত গ্রুপ সেরা হয়ে ভারতকে এড়ানোর। সে ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হেরে এখন বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন<<>>ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের
বাংলাদেশ-নেপাল ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার (২৪ এপ্রিল)। বৃষ্টিতে সেদিন ম্যাচ হয়নি। এজন্য সূচি পরিবর্তন করে রোববার অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয়কন্যা নেপাল।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































