Apan Desh | আপন দেশ

সাউথ এশিয়ান ইয়ুথ

টেবিল টেনিসে স্বর্ণসহ ৮ পদক নিশ্চিত বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৪, ১০ এপ্রিল ২০২৬

টেবিল টেনিসে স্বর্ণসহ ৮ পদক নিশ্চিত বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ভারতের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম তিন দিনেই পদকের ঝুলি ভরছে দেশের খেলোয়াড়দের।

শুক্রবার (১০ এপ্রিল) অনূর্ধ্ব-১৯ বালক দলের ঐতিহাসিক স্বর্ণ জয়ের পর আরও সাফল্য যোগ হয়েছে। বাংলাদেশ নিশ্চিত করেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ। সব মিলিয়ে মোট ৮টি পদক নিশ্চিত হয়েছে।

দ্বিতীয় দিনে অনূর্ধ্ব-১৯ বালক দলগত ইভেন্টে স্বর্ণ জিতে চমক দেখায় বাংলাদেশ। এরপরও সে ধারাবাহিকতা বজায় রয়েছে।

অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব দারুণ খেলছেন। তারা কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে হারান। সেমিফাইনালে নেপালকে ৩-১ সেটে পরাজিত করেন। এতে তাদের অন্তত রৌপ্য নিশ্চিত হয়েছে। এখন ফাইনালে ভারতের বিপক্ষে স্বর্ণ জয়ের লক্ষ্য।

একক ইভেন্টেও এগিয়ে আছেন বাংলাদেশের খেলোয়াড়রা। দেশের শীর্ষ বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা এখনও পদকের লড়াইয়ে আছেন।

অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

অনূর্ধ্ব-১৯ বালিকা এককে খই খই সাই মারমা ভারতের অনন্যা মুরালিধরনের কাছে ৩-০ সেটে হারেন। তবে মালদ্বীপের মোহাম্মদ ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগে।

অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল শীর্ষ বাছাই প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ০-৩ সেটে হেরে যান। পরে মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন নেপালের হিমাল বিস্তার বিপক্ষে।

আরও পড়ুন <<>> মেসির সামনে নতুন রেকর্ড

অপরদিকে আবুল হাশেম হাসিব নেপালের হিমাল বিস্তার কাছে হারলেও ঘুরে দাঁড়ান। তিনি শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ ও মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু।

অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে ০-৩ সেটে হারেন। তবে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জিতে গ্রুপ রানার্সআপ হন। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন শ্রীলঙ্কার সানন মেনুয়েলগের বিপক্ষে।

দ্বৈত ইভেন্টেও এসেছে সাফল্য। অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে মো. শাহীন আহমেদ ও মো. মিদুল রহমান মালদ্বীপের জুটিকে ৩-২ সেটে হারান। তবে সেমিফাইনালে ভারতের রিসান চট্টোপাধ্যায় ও আকাশ রাজাভেলু জুটির কাছে ১-৩ সেটে হেরে ব্রোঞ্জ নিশ্চিত করেন।

অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে মোসা. রাফিয়া চৌধুরী ও রোজা ইসলাম কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠেন। সেখানে নেপালের আরসানা মহারাজ ও সুরম্য শাক্য জুটির কাছে ১-৩ সেটে হেরে ব্রোঞ্জ পান।

অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে ৩-০ সেটে হারান। সেমিফাইনালে নেপালের হিমাল বিস্তা ও এরিশ শাক্য জুটিকে ৩-১ সেটে পরাজিত করে রৌপ্য নিশ্চিত করেন। ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবেন।

অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই সাই মারমা ও রেশমী তৈঞ্চঙ্গা সেমিফাইনালে নেপালের কাছে ০-৩ সেটে হেরে ব্রোঞ্জ অর্জন করেন।

মিশ্র দ্বৈতেও পদক নিশ্চিত হয়েছে। অনূর্ধ্ব-১৫ বিভাগে মো. মিদুল রহমান ও রোজা ইসলাম নেপালের রিভান বজ্রাচার্য ও সুরম্য শাক্য জুটিকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। এতে আরও একটি ব্রোঞ্জ নিশ্চিত হয়। সেমিফাইনালে তারা ভারতের বিপক্ষে খেলবেন।

অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈতে আবুল হাশেম হাসিব ও খই খই সাই মারমা সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। সেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের জুটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়