Apan Desh | আপন দেশ

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪০, ৪ এপ্রিল ২০২৬

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

ফাইল ছবি

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দল। তরুণদের এ দারুণ জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সারা দেশে।

এ সাফল্যের পর দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশে ফেরার পর খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। টাইব্রেকারে জয় তুলে নেয়ায় দলকে প্রধানমন্ত্রী, দেশবাসী এবং ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, দেশে ফিরলে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বর্ণাঢ্যভাবে বরণ করে নেয়া হবে।

নারী সাফজয়ীদের মতো অনূর্ধ্ব-২০ দলকেও ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হবে কি না—এমন প্রশ্নে আমিনুল হক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তাদের ছাদখোলা বাসে করে ঢাকা শহর প্রদক্ষিণ করিয়ে বিশেষ সংবর্ধনা দেয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন <<>> ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এছাড়া দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা থাকবে বলেও নিশ্চিত করেন।

তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে আশাবাদী প্রতিমন্ত্রী। তিনি বলেন, বয়সভিত্তিক এ দলটি খুব দ্রুতই জাতীয় দলে জায়গা করে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

এ জয়কে দেশের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্রীড়াবান্ধব। তাদের উৎসাহে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা আরও এগিয়ে যাবে।

খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে এগিয়ে নেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়