ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের যুবারা। এর আগে ২০২৪ সালেও একই আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
শুক্রবার (০৩ এপ্রিল) ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে ভারত প্রথমে শট নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম সফলভাবে গোল করে বাংলাদেশকে এগিয়ে রাখেন।
চতুর্থ শটে বাংলাদেশের হয়ে কিক নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের অজুহাতে কিছুটা সময়ক্ষেপণ করেন। চিকিৎসা শেষে আবার পোস্টে দাঁড়ান তিনি। তবে স্যামুয়েলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। চার শট শেষে তখন স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
আরও পড়ুন <<>> পিএসএলে ইমনের ঝড়
শেষ শটটি হয়ে ওঠে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় শট নিতে আসেন। কিন্তু তার নেয়া শট পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়।
ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়। শেষ শটে গোল করলেই শিরোপা নিশ্চিত। এ চাপের মুহূর্তে শট নিতে আসেন আমেরিকান প্রবাসী রোনান।
চাপ সামলে নিখুঁত শটে গোল করেন তিনি। সঙ্গে সঙ্গেই শুরু হয় উল্লাস। মালেতে উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা আনন্দে ফেটে পড়েন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































