Apan Desh | আপন দেশ

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২১, ১৩ মার্চ ২০২৬

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ 

ঘরের মাঠে আরও একবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ইতিমধ্যেই প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ম্যাচে শাহিন আফ্রিদিদের মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। টানা দ্বিতীয় জয়ে আজই সিরিজ নিশ্চিত করতে চায় মেহেদী হাসান মিরাজের দল।

প্রায় ১১ বছর আগে সর্বশেষ বাংলাদেশে ওয়ানডে সফর করে গেছে পাকিস্তান। সেবার তাদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি। সে লক্ষ্যে এদিন দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে স্বাগতিকরা।  

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগ্রহের অন্যতম একটি অংশ ছিল পাকিস্তানের নতুন মুখদের ঘিরে। আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে হাঁটছে তারা। তাই বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে চার অভিষিক্ত ব্যাটারকে নামিয়েছে। কিন্তু তাদের কেউই প্রতিরোধ গড়তে পারেনি। বরং নাহিদ রানার বোলিং তোপে দলটির ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

আরও পড়ুন<<>>এক লাখ পাউন্ডে বিক্রি হলেন মোস্তাফিজ

গতি ও বাউন্স দিয়ে নাহিদ পাকিস্তানের ব্যাটারদের পুরোপুরি চাপে ফেলেন। তার নিখুঁত বোলিংয়ে আউট হন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান, সালমান আগাও। তাদের ব্যর্থতায় পাকিস্তান অলআউট হয় ১১৪ রানে। ফলে শুক্রবারের ম্যাচ এখন তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। 

স্বল্প পুঁজি রক্ষায় নেমে পাকিস্তানের বোলাররাও ছিলেন ছন্দহীন। ফলে বাংলাদেশ তানজিদ হাসানের ব্যাটে চড়াও হয়ে সহজেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাও আবার ২০৯ বল বাকি রেখে! 

বাংলাদেশ শিবিরে স্বস্তির আরেক দিকটি হচ্ছে মেহেদী হাসান মিরাজের ফর্ম। ম্যাচে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে ভূমিকা রেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে তার পারফরম্যান্সের ঘাটতি উদ্বেগের জন্ম দিচ্ছিল। কিন্তু দলের প্রয়োজনীয় সময়ে তার অবদান দলের মাঝে স্বস্তি ফিরিয়েছে। ফলে প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চাইবে তারা। 

এ কারণে একই একাদশ ধরে রাখার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, চার অভিষিক্ত ব্যাটার নিয়ে ব্যাটিংয়ে ধস নামলেও এখনই খুব বেশি ভাবছে না পাকিস্তান। তবে প্রথম ম্যাচে ৩.১ ওভারে ২৪ রান দেওয়া পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের জায়গায় পেস আক্রমণে ধার বাড়াতে একাদশে আসতে পারেন অভিজ্ঞ পেসার হারিস রউফ।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়