ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে লাল-সবুজ প্রতিনিধিদের অভিযান। মঙ্গলবার (০৩ মার্চ) অস্ট্রেলিয়ার কমব্যাংক স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি চীন। দলটি রেকর্ড ৯ বার নারী এশিয়ান কাপ জিতেছে। বিশ্বকাপেও রয়েছে তাদের সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৯৯ নারী বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল চীন।
তবে শক্ত প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতেই মাঠে নামবে দল। ২০২৫ সালের জুলাইয়ে বাছাই পর্ব পেরিয়ে ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপ নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। সে অর্জনের কথা স্মরণ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।
তাবিথ আওয়াল বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই ইতিহাস তৈরি করেছে। এবার নতুন ইতিহাস গড়ার সুযোগ সামনে। দেশের সমর্থকদের প্রত্যাশা পূরণে মেয়েরা সেরাটা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিডনিতে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিও দলকে অনুপ্রাণিত করবে বলে জানান।
জাতীয় দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার এ টুর্নামেন্টকে শেখার বড় মঞ্চ হিসেবে দেখছেন। বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তিনি।
বাটলার বলেন, তখন কেউ আশা করেনি বাংলাদেশ মিয়ানমারকে হারাবে। কঠোর পরিশ্রম ও প্রস্তুতির ফলেই সে সাফল্য এসেছে। এ আসর বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
আরও পড়ুন <<>> কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন যারা
চীনের শক্তিমত্তা স্বীকার করেও কোচ জানান, ম্যাচটি অনেকটা ‘ডেভিড বনাম গোলাইয়াথ’-এর লড়াইয়ের মতো। বাস্তবতা কঠিন হলেও ফুটবলে চমক সম্ভব। দল রক্ষণাত্মক হয়ে শুধু গোল ঠেকানোর মানসিকতা নিয়ে খেলবে না। চীন দ্রুতগতির ও সংগঠিত দল। তাদের জায়গা দিলে শাস্তি পেতে হবে। তবে খারাপ দিনে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ থাকে। বাংলাদেশ নিজেদের কৌশলেই খেলবে।
গত ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রস্তুতির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন বাটলার। তবুও খেলোয়াড়দের সততা, পরিশ্রম ও দেশের জন্য লড়াইয়ের মানসিকতার ওপর আস্থা রাখছেন তিনি।
কোচের ভাষায়, খেলোয়াড়রা হয়তো শারীরিকভাবে ছোট, কিন্তু তাদের হৃদয় বড়। দেশের জন্য ভালো কিছু করাই তাদের একমাত্র লক্ষ্য।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































