ছবি: আপন দেশ
২০২৪ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে দেখা যায়নি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ওই বছরই সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন তিনি। এরপর বিভিন্ন জটিলতা ও মামলাসংক্রান্ত ইস্যুর কারণে জাতীয় দলের হয়ে আর প্রতিনিধিত্ব করা হয়নি তার। এমনকি দীর্ঘ সময় দেশেও ফেরেননি এ অভিজ্ঞ ক্রিকেটার।
একপর্যায়ে দেশে ফেরার উদ্যোগ নিয়ে দুবাই পর্যন্ত গেলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাকে। তবে সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছিল, শিগগিরই দেশে ফিরে পাকিস্তান সিরিজে অংশ নিতে পারেন তিনি। কিন্তু সে সম্ভাবনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে কথা বলেন ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাকিবের বিষয়ে ক্রিকেট বোর্ড থেকে যা যা করার প্রয়োজন ছিল, মামলার কাগজপত্র যথাযথ জায়গায় জমা দেয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে সরকার। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের করণীয় সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন <<>> চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো: কে কার মুখোমুখি
বোর্ডের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়েছে উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, এখন বিষয়টি পুরোপুরি সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এসময় ক্রিকেট অঙ্গনে পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিসিবি সহ-সভাপতি। তিনি বলেন, ক্রিকেট বোর্ড, খেলোয়াড় ও সাংবাদিক— সংশ্লিষ্ট সবার মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি, কারণ সবার লক্ষ্য একটাই— দেশের ক্রিকেটের উন্নয়ন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































