ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জমে উঠছে হাইভোল্টেজ লড়াই। ড্র অনুযায়ী এবার মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে শেষ ষোলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। এতে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে বর্তমান শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি। দুই দলের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।
শেষ ষোলোতে আরও কয়েকটি বড় ম্যাচও অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ফরাসি ক্লাব পিএসজি খেলবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে। অন্যদিকে টটেনহ্যামের প্রতিপক্ষ হয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। গত আসরের সেমিফাইনালিস্ট কাতালান ক্লাবটি শেষ ষোলোতে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের। যদিও সাম্প্রতিক মৌসুমে নিউক্যাসলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দলটি বর্তমানে ১১ নম্বরে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও তারা উঠেছে ১২ নম্বরে থেকে।
আরও পড়ুন <<>>কোচ হেম্পের মেয়াদ বাড়াচ্ছে বিসিবি
ইংলিশ লিগ শিরোপার দৌড়ে থাকা আর্সেনালের প্রতিপক্ষ জার্মান ক্লাব লেভারকুসেন। বায়ার্ন মিউনিখ খেলবে আটালান্টার বিপক্ষে। আর লিভারপুলের প্রতিপক্ষ হয়েছে গ্যালাতাসারে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগ হবে ১৭ ও ১৮ মার্চ।
ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখ ও আটালান্টা ম্যাচের বিজয়ীর বিপক্ষে।
পিএসজি ও চেলসির ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে লিভারপুল ও গ্যালাতাসারের মধ্যকার জয়ী দলের। বার্সেলোনা কিংবা নিউক্যাসলের বিজয়ী দল পরবর্তী ধাপে পাবে অ্যাতলেটিকো মাদ্রিদ অথবা টটেনহ্যামকে। আর্সেনাল পরের ধাপে উঠতে পারলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং সিপি অথবা বোদো/গ্লিমট।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৭ ও ৮ এপ্রিল। দ্বিতীয় লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৫ ও ৬ মে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































