ছবি: সংগৃহীত
মৌসুমের প্রথম ম্যাচেই বড় হার দিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৭৫ হাজার দর্শকের সামনে ৩-০ গোলের পরাজয়ের পরই নতুন বিতর্কে জড়ান লিওনেল মেসি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, টানেল থেকে একটি কক্ষে প্রবেশের চেষ্টা করছেন মেসি। এসময় সতীর্থ লুইস সুয়ারেজ তাকে থামানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মেসি কক্ষটির ভেতরে প্রবেশ করেন এবং পরে সুয়ারেজও সেখানে যান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গুঞ্জন ওঠে, মেসি নাকি ম্যাচ অফিসিয়ালদের লকার রুমে প্রবেশ করেছিলেন। যা খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচিত। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তদন্তে নামে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।
পর্যালোচনার পর লিগ কর্তৃপক্ষ জানায়, মেসি যে কক্ষে প্রবেশ করেছিলেন সেটি কোনো নিষিদ্ধ এলাকা ছিল না। গার্ডিয়ানকে দেয়া বক্তব্যে এমএলএসের এক মুখপাত্র বলেন, ওই স্থান সাধারণত নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত ছিল না এবং সেটি রেফারিদের লকার রুমও নয়। ঘটনাটি খতিয়ে দেখে মেসি বা অন্য কারও বিরুদ্ধে লিগের নীতিমালা ভঙ্গের প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন <<>> আফঈদা-ঋতুপর্ণাদের ফিজিও খুঁজছে বাফুফে
পেশাদার রেফারি সংগঠনের যোগাযোগ বিভাগের পরিচালক ক্রিস রিভেটও একই বক্তব্য দিয়েছেন। ইএসপিএনকে তিনি জানান, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, মেসি রেফারিদের নির্ধারিত এলাকায় প্রবেশ করেননি।
এদিকে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো ম্যাচ শেষে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তার ভাষ্য, ম্যাচ শেষ হওয়ার পর তিনি সরাসরি লকার রুমে চলে গিয়েছিলেন এবং ঘটনাটি দেখেননি। তবে লিগ কর্তৃপক্ষের ব্যাখ্যার পর মেসিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক অনেকটাই থেমে গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































